বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতি শুরু করেছে স্পেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর নিউ জার্সিতে প্রথম অনুশীলনে নামে দলটি। তবে প্রথম সেশনে অংশ নেননি দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরো।
স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ধকলের কারণে দুজনই পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এ সময় দলের অন্য খেলোয়াড়রা নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে রন্ডো অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস পুনরুদ্ধারের কাজ করেন।
সবচেয়ে বেশি নজর কেড়েছে লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা যায়। জানা গেছে, মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একই উরুতে চোট পেয়েছিলেন এই ১৯ বছর বয়সী উইঙ্গার। তবে আপাতত এটি গুরুতর কোনো সমস্যা নয় বলেই জানিয়েছে স্প্যানিশ শিবির। দলের মেডিকেল স্টাফ তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। পরে ধীরে ধীরে তার খেলার সময় বাড়ানো হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে টানা তিনটি ম্যাচই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।
অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরো স্পেনের বিশ্বকাপ অভিযানে পাঁচটি ম্যাচে শুরু থেকেই খেলেছেন। নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিটই মাঠে ছিলেন তিনি। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়।
ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর পোরো বক্সে দারুণ এক দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। স্পেনের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা, আর আর্জেন্টিনা জিততে পারলে ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে।
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings