কান চলচ্চিত্র উৎসবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’। ছবিটির প্রিমিয়ার শেষে টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান দর্শকেরা। আবেগঘন সেই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি ছবির দুই তারকা সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভেও।
সোমবার রাতে কান উৎসবের গ্র্যান্ড প্যালেসে প্রদর্শিত হয় পারিবারিক টানাপোড়েন ও সামাজিক সংকট নিয়ে নির্মিত এই সিনেমা। নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ বরাবরের মতো এবারও মানবিক ও রাজনৈতিক বাস্তবতার সংমিশ্রণে তৈরি করেছেন এক হৃদয়স্পর্শী গল্প।
পরিবার, ধর্ম ও রাষ্ট্রের দ্বন্দ্ব
‘ফিওড’-এর গল্পে দেখা যায়, এক রোমানিয়ান পরিবার ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে নতুন জীবন শুরু করতে নরওয়ের একটি ছোট শহরে পাড়ি জমায়। শুরুতে শান্তিপূর্ণ জীবন চললেও ধীরে ধীরে স্থানীয় সমাজ ও প্রশাসনের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়।
পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন পরিবারটির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। এরপর রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয় তাদের সন্তানদের। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটি পরিবারটিকে গভীর সংকট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়।
ছবির কয়েকটি দৃশ্য, বিশেষ করে সন্তানদের পরিবার থেকে আলাদা করার মুহূর্তগুলো দর্শকদের মধ্যে তীব্র আবেগ তৈরি করে। প্রদর্শনী চলাকালে অনেককে বিস্ময়, ক্ষোভ ও কান্নাজড়িত প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।দর্শকের ভালোবাসায় আপ্লুত নির্মাতাপ্রদর্শনী শেষে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন চলাকালে আবেগাপ্লুত হয়ে পড়েন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। পরে দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ বলেন, “আপনারা আমার ছবির প্রতি যে বিশ্বাস দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”ফরাসি ও ইংরেজি—দুই ভাষাতেই বক্তব্য দেন তিনি। তাঁর মতে, কান উৎসবের দর্শকদের প্রতিক্রিয়াই বলে দেয় একটি সিনেমা সময়ের পরীক্ষায় কতটা টিকে থাকতে পারবে।
কানে মুঙ্গিউর সফল পথচলা
ক্রিশ্চিয়ান মুঙ্গিউর সঙ্গে কান উৎসবের সম্পর্ক বহুদিনের। ২০০৭ সালে তাঁর ‘৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড ২ ডেজ’ জিতে নেয় মর্যাদাপূর্ণ স্বর্ণপাম। এছাড়া ‘বিয়ন্ড দ্য হিলস’ সিনেমার জন্য তিনি পেয়েছিলেন সেরা চিত্রনাট্যের পুরস্কার এবং ‘গ্র্যাজুয়েশন’ এনে দেয় সেরা পরিচালকের সম্মান।
অন্যদিকে সেবাস্টিয়ান স্ট্যান গত বছর কানে হাজির হয়েছিলেন ‘দ্য অ্যাপ্রেনটিস’ নিয়ে। আর রেনাতে রেইনসভে ২০২১ সালে ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য জিতেছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।এদিকে মুক্তির আগেই ‘ফিওড’-এর পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে নিওন। সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবের স্বর্ণপামজয়ী একাধিক ছবির পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পেয়েছে।বিবিসি অবলম্বনে
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings