পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ভাতা ও পুরোহিত ভাতা বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত সিদ্ধান্ত।
গতকাল সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব ভাতা বা সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলো বন্ধ করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না।
তবে সরকার স্পষ্ট করেছে, শিক্ষার্থীদের জন্য চালু থাকা কোনো স্কলারশিপ বা শিক্ষামূলক অনুদান বন্ধ করা হচ্ছে না। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া আর্থিক সহায়তাই বাতিল করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা পাল জানান, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ভাতা আর থাকবে না, তবে ছাত্রছাত্রীদের স্কলারশিপ চালু থাকবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডুসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালও।
এদিনের বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।
এছাড়া রাজ্যের সমস্ত সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াতের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সূত্র: ইটিভি ভারত
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings