in

ঈদের দিনে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, আহত ২৫!

ঈদের দিনে সড়কে ও ভাসমান সেতু উল্টে দুর্ঘটনায় ছয় জেলায় ১১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল থেকে বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে জামালপুরে চার জন, ময়মনসিংহে দুজন, চট্টগ্রামে দুজন, নড়াইল, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের ভারে সেতু উল্টে পানিতে ডুবে ভাইবোনসহ চার জনের মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও গামারিয়া এলাকার আবির হোসেন (১৬)।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচ জনকে উদ্ধার করা হয়; এর মধ্যে চার জন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চার জন আহত হয়েছেন। দুপুর ১টার দিকে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কে উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারী রোড এলাকার গোলাম মাওলার আট বছরের মেয়ে রিদি আক্তার। সে অটোরিকশার যাত্রী ছিল। আহত চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই মো. সবুজ মিয়া বলেন, ‌‘দুর্ঘটনায় দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’

চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে বাসের অজ্ঞাতনামা (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি আইল্যান্ডে তুলে দেয়। বাসটি ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হন। খবর পেয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক এবং বাসটি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।’

এ ছাড়া ঈদের দিন বাড়ি যাওয়ার সময় নিজের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মীরসরাইয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব (৪৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। অর্ণব করপোরেশনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আইয়ুব।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, ‌‘মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।’

নড়াইল

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকাল ৩টার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত তরুণের নাম রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেরাই পড়ে যান তারা। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী (১৯) চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার বাসিন্দা স্বপন আলীর ছেলে। আহত হৃদয় হোসেন (১৮) ৬ নম্বর ওয়ার্ডের শ্মশানপাড়ার বাসিন্দা ছিলেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ওই দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দুপুর ১২টার দিকে বের হন। চালকের আসনে ছিলেন হৃদয়। মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় পথে ঘোড়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর আগেই সুরুজের মৃত্যু হয়।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎকর্মী শরিফুল ইসলাম (৩০)। সকালে ফরিদপুরের কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই ও কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মারুফ জানান, সকালে পরিবারের সবাই ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে শরিফুলের অপেক্ষায় ছিলেন। হঠাৎ খবর আসে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, হালকা বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুণ্ড বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

আলীকদম জোন কমান্ডার ঈদের আনন্দ বিলিয়ে দিলেন অসুস্থদের মাঝে

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

একক শক্তিতে সমাধান হচ্ছে না, হরমুজ নিয়ে সুর বদলালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ