in

ঈদের ছুটিতেও তেলের জন্য দীর্ঘ সারি, ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে ভোগান্তি কমেনি। সরবরাহ স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তবে অনেক পাম্পে দীর্ঘ লাইন, বিলম্বিত সরবরাহ এবং অনিশ্চয়তার কারণে চালকদের ভোর থেকে অপেক্ষা করতে হচ্ছে।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর– রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরা আবদুল্লাহপুর, মালিবাগ, মোহাম্মদপুর ও কাকলী এলাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। কোথাও লাইনের শেষ প্রান্ত মূল সড়ক ছাড়িয়ে পাশের সড়কে গিয়ে ঠেকেছে। এতে শুধু চালকদের ভোগান্তিই নয়, আশপাশের সড়কে যান চলাচলেও ধীরগতি তৈরি হয়েছে।

উত্তরার একটি পাম্পে দেখা যায়, তেল সরবরাহ শুরু হলেও চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক রিয়াজ উদ্দিন বলেন, এখনও তেল পাইনি। মাঝেমধ্যে সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ছে।

মালিবাগের মোড়ের ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল আসার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল চালক। তাদের অনেকেই ইঞ্জিন বন্ধ করে রোদে দাঁড়িয়ে আছেন। বেসরকারি চাকরিজীবী নাঈম হাসান বলেন, ছুটির দিনে একটু স্বস্তিতে চলাফেরা করব ভেবেছিলাম। কিন্তু তেলের জন্যই ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যাচ্ছে।

মোহাম্মদপুর এলাকায় একটি পাম্পে গিয়ে দেখা যায়, সেখানে ডিজেল সরবরাহ থাকলেও অকটেন ও পেট্রোল না থাকায় ব্যক্তিগত গাড়ির চালকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কখন নতুন সরবরাহ আসবে সেই আশায়।

কাকলী মোড়ের ফিলিং স্টেশনে পরিস্থিতি আরও জটিল। সেখানে সকালে কিছু সময় তেল বিক্রি বন্ধ রাখা হয়, কারণ রাতেই মজুত শেষ হয়ে যায়। পরে নতুন চালান এলেও দীর্ঘ লাইনের কারণে স্বাভাবিক হতে সময় লেগেছে। পাম্পের এক কর্মী জানান, তেল আসতে দেরি হওয়ায় চাপ বেড়ে যায়। একসঙ্গে অনেক গাড়ি চলে আসে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

চালকদের অভিযোগ, শুধু লাইনে দাঁড়িয়ে থাকা নয়, কখন তেল পাওয়া যাবে– সেই অনিশ্চয়তাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ জানান, লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।

তবে পাম্প মালিক ও কর্মচারীরা বলছেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। তাদের মতে, ঈদের ছুটিতে একসঙ্গে বেশি গাড়ি বের হওয়ায় চাহিদা বেড়েছে। পাশাপাশি সরবরাহ গাড়ি নির্দিষ্ট সময়ে না পৌঁছানোয় সাময়িক চাপ তৈরি হচ্ছে।

জ্বালানি খাত-সংশ্লিষ্টদের ভাষ্য, রেশনিং তুলে নেওয়ার পর জমে থাকা চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও মাঠ পর্যায়ে সমন্বয় ঘাটতির কারণে ভোগান্তি বাড়ছে।

এদিকে অবৈধ গ্যাস ব্যবহার রোধে মাঠ পর্যায়ে অভিযানও জোরদার করা হয়েছে। জোনাল বিক্রয় অফিস মেঘনাঘাটের উদ্যোগে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির তত্ত্বাবধানে মুন্সীগঞ্জের গজারিয়ায় বুধবার বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভাটের চর ও বালুয়াকান্দি এলাকায় দুটি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়। এসব কারখানায় পাঁচটি ভাট্টিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার হচ্ছিল, যার মোট লোড ছিল ঘণ্টায় প্রায় ১০ হাজার ঘনফুট।

অভিযানকালে পাইপ জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্থাপনাগুলো এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রতিদিন আনুমানিক দুই লাখ টাকার বেশি মূল্যের গ্যাস অপচয় রোধ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, একদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা থাকলেও, অন্যদিকে মাঠ পর্যায়ে ভোগান্তির চিত্র স্পষ্ট। ঈদের ছুটির মধ্যেও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় নগরবাসীর স্বস্তি এখনও পুরোপুরি ফেরেনি।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের প্রভাব পড়ে দেশের আমদানির ওপর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জ্বালানি বহনকারী জাহাজ পৌঁছাতে দেরি হওয়া পরিশোধন ও বিতরণ ব্যবস্থায় সমন্বয় ঘাটতি– সব মিলিয়ে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। এ অবস্থায় আমদানির একটি বড় অংশ সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে নিশ্চিত করা হলেও স্পট মার্কেট থেকে কেনাকাটায় দেরি ও মূল্য ওঠানামা পরিস্থিতিকে জটিল করে তোলে। রেশনিং তুলে নেওয়ার পর জমে থাকা চাহিদা একসঙ্গে বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এর সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে যানবাহনের চলাচল বাড়ায় চাহিদা আরও তীব্র হয়। 

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

হরমুজ প্রণালিতে বাংলাদেশের ৪ জাহাজ

যৌন হয়রানি বন্ধে নজরদারি ও পদক্ষেপ নেওয়া জরুরি