মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় মসুদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টায় মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কে পশ্চিম কদমহাটা (তিলকর) নামক স্থানে মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার করতল গ্রামের শওকত মিয়ার (৮০) ছেলে মসুদ আহমদ (৪০) মোটরসাইকেল যোগে বাড়ি হতে পারিবারিক কাজে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের পশ্চিম কদমহাটা (তিলকর) নামক স্থানে তার পিছন থেকে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে সম্মুখে মৌলভীবাজার থেকে আসা একটি পিকআপ ভ্যানের উপর তিনি ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের একটি টিম এবং মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, দুর্ঘটনাটি রাজনগর-মৌলভীবাজারের মধ্যবর্তী স্থানে ঘটায় রাজনগর থানা পুলিশের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়। নিহত মসুদ মিয়া ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়। তার স্ত্রী সহ ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠনো হয়েছে। এঘটনায় ১জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings